নিজস্ব প্রতিবেদক: মাদকমুক্ত সমাজ গড়তে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালীর অভিযান অব্যাহত।
জানা যায়, (বুধবার) ১লা জুলাই,২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোসাদ্দেক হোসেন ও ইকবাল হোসেন সোহান এর নেতৃত্বে একটি টিম সুধারাম মডেল থানাধীন মাইজদী কোর্ট, জয়কৃষ্ণপুর, মাইজদী হাউজিং ও উত্তর কাদিরপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ইমতিয়াজ আহমেদ (২৫) পিতা-শামসুদ্দিন, ইসমাইল হোসেন(২৮) পিতা-আব্দুর রহমান, মোঃ জুবায়ের হোসেন(২৪) পিতা-মোঃ কিরণ ও মোঃ শাকিল (২৬) পিতা-মোঃ খোকনকে মাদকসেবনরত অবস্থায় হাতেনাতে আটক করে। সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই আসামীদেরকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও নগদ অর্থদণ্ড প্রদান করেন।
এছাড়াও (মঙ্গলবার) ৩০শে জুন, ২০২৬ ভোর ৭টার সময় চাটখিল থানাধীন বদলকোট (ভূঁইয়া বাড়ী) গ্রামস্থ নিবাসী আসামী সুজন ভূঁইয়ার নিজ বসতঘরে অভিযান পরিচালনা করে মোঃ সুজন ভূঁইয়া (৪৬)কে ৪৫ (পঁয়তাল্লিশ) পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ আমাদের প্রতিনিধিকে বলেন, শিক্ষা সংস্কৃতি ও ঐতিহ্যের নোয়াখালীকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধ পরিকর। আমরা প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছি। আসামী গ্রেফতার করছি, মাদক উদ্ধার করছি। আমরা চাই জনগণ সচেতন হবে। মাদক কারবারীদের বিষয়ে আমাদেরকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করবে এবং একটি সামাজিক আন্দোলন গড়ে তুলবে। আসামীর বিরুদ্ধে উপপরিদর্শক মোঃ আশরাফুল আলম বাদী হয়ে চাটখিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।