নিজস্ব প্রতিবেদক: ফের কড়াইল বস্তিতে মাদকব্যবসায়ী রাকিবের বাড়িতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান, এসময় হেরোইন, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার।
জানা যায়, (বৃহস্পতিবার) ১০ই সেপ্টেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর মহাপরিচালক মোঃ হাসান মারুফ এর সার্বিক দিক নির্দেশনায়, বিভাগীয় কার্যালয়,ঢাকার অতিরিক্ত পরিচালক একেএম শওকত ইসলাম সার্বিক তত্ত্বাবধানে, উপপরিচালক, মোঃ রাজিউর রহমান এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে কড়াইল বস্তিতে অভিযান পরিচালনা করে হেরোইন, গাঁজা ও নগদ অর্থ উদ্ধার করে।
জানা যায়, ঢাকা মহানগরীর বনানী থানাধীন কড়াইল বস্তির এরশাদ মাঠস্থ জনৈক মোঃ কালু মিয়া এর ভাড়াটিয়া মোঃ রাকিব ইসলাম নামীয় ব্যক্তি তার সঙ্গবদ্ধ টিম নিয়ে ভাড়াকৃত তিনকক্ষ বিশিষ্ট বসতবাড়ী হতে অবৈধ মাদকদ্রব্য বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো কার্যালয় (উত্তর) এর একটি টিম অভিযান পরিচালনা করে ০৫ গ্রাম হেরোইন, ২ কেজি গাঁজা ও মাদক ব্যবসার নগদ টাকা ১৭০০০ (সতের হাজার) টাকাসহ মোঃ আল-আমিন প্রকাশ সাকিব (২৩), মোঃ মোজাম্মেল হক (৩২)কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় রেইডিং টিমের উপস্থিতি টের পেয়ে মোঃ রাকিব ইসলাম (২৬) পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় এই অবৈধ মাদকদ্রব্যের প্রকৃত মালিক মোঃ রাকিব ইসলাম। তারা মোঃ রাকিব ইসলাম এর পক্ষে অবৈধ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় কাজে সহযোগিতা করে থাকে। উল্লেখ্য, গত ২৯শে আগস্ট, কড়াইল বস্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত গডফাদার কবুতর মমিনের বাসায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ মাদক ও মাদক ব্যবসার নগদ ৪৩ লক্ষ টাকাসহ ০৩(তিন) জন আসামীকে গ্রেফতার করা হয়েছিল।
বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা মেট্রোঃ কার্যালয় (উত্তর) কর্তৃক ভবিষ্যতে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে গুলশান সার্কেল পরিদর্শক মোঃ ইমদাদুল হক খাঁন বাদী হয়ে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ (সংশোধিত, ২০২৬) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।