নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র দেশব্যাপী অভিযান অব্যাহত। ডিএনসি যশোর কর্তৃক ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার, এসময় গ্রেফতার ২।
জানা যায়, (শনিবার) ৪ঠা জুলাই,২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, যশোর এর উপপরিচালক পারভীন আখতার এর সার্বিক তত্ত্বাবধানে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে, যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ফতেপুর ইউপির হামিদপুর এলাকাস্থ ‘যশোর পৌরসভা ওয়েস্ট ট্রিটমেন্ট (জেপিডব্লিউটিপি)’ এর গেটের উত্তর পার্শ্বে যশোর টু নড়াইল মহাসড়কের উপর Toyota ব্রান্ডের X COROLLA মডেলের প্রাইভেট কার তল্লাশী করে গাড়ীর ড্যাশবোর্ডের মধ্যে ও দুই পার্শ্বের রানিং বোর্ড কেটে বিশেষ কায়দায় তৈরি বক্সে লুকায়িত অবস্থায় ৩০,০০০ (ত্রিশ হাজার) পিস ইয়াবাসহ মোঃ রনি মাহামুদ (৩৫) ও মোঃ আলমগীর হোসেন (৩৮)কে হাতেনাতে গ্রেফতার করে। উপপরিচালক মোঃ আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত অভিযান পরিচালনা করে প্রাইভেট কারে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৩০ হাজার পিস ইয়াবাসহ আসামীদের হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামীদের বিরুদ্ধে উপ-পরিদর্শক মদন মোহন সাহা বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২০) অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করেন।