নিজস্ব প্রতিবেদক: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) নোয়াখালীর অভিযানে অভিনব কায়দায় চুলার এসএস পাইপের ভিতর ৬০০০ পিস ইয়াবাসহ কক্সবাজার ভিত্তিক মাদক পাচারকারী চক্রের মূল হোতা গ্রেপ্তার।
জানা যায়, (শনিবার) ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, নোয়াখালীর উপপরিচালক সুব্রত সরকার শুভ এর সার্বিক তত্ত্বাবধানে, পরিদর্শক বাপন সেন এর নেতৃত্বে, এসআরবি-১১ সিপিসি-৩ নোয়াখালী ও এসআরবি-৭ সিপিসি-১, ফেনীর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, নোয়াখালী জেলার সেনবাগ থানাধীন সেবারহাট পূর্ব বাজারস্থ ফেনী-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ পার্শ্বে মায়ের দোয়া ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে অভিযান পরিচালনা করে, চট্টগ্রাম থেকে নোয়াখালীগামী বাঁধন পরিবহন নামীয় একটি যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে কক্সবাজার ভিত্তিক মাদক পাচারকারী চক্রের মূল হোতা আমিন হোসেন (৩৮)কে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে বাসটির মালামাল বহনকারী বক্সের ভিতর থেকে স্টেইনলেস স্টিল দিয়ে তৈরি একটি চুলার পাইপের ভিতর ঝালাইরত অবস্থায় ৬০০০ (ছয় হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উপপরিচালক সুব্রত সরকার শুভ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক পাচাররোধে ডিএনসি নোয়াখালী, এসআরবি-১১ সিপিসি-৩ নোয়াখালী ও এসআরবি-৭ সিপিসি-১, ফেনী এর কার্যক্রম অব্যহত থাকবে। আসামীর বিরুদ্ধে পরিদর্শক বাপন সেন বাদী হয়ে সেনবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী একটি নিয়মিত মামলা দায়ের করা হয়।