২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল পর্তুগাল। ম্যাচটিতে গোলের দেখা পাননি দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
এতে ফুটবল বিশ্বে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছিল।
লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে কিংবা আর্লিং হালান্ডরা যখন একের পর এক গোল করে নিজেদের জানান দিচ্ছেন, তখন ফুটবলপ্রেমী ও বিশ্লেষকদের মনে একটাই প্রশ্ন ছিল ৪১ বছর বয়সী ক্রিস্টিয়ানো রোনালদো কি পারবেন পর্তুগালের আক্রমণভাগের ভার সামলাতে? সব সমালোচনার জবাব মাঠেই দিলেন এই পর্তুগিজ সুপারস্টার।
ম্যাচের ৬০ মিনিটে হ্যাটট্রিকের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন রোনালদো। ব্রুনো ফার্নান্দেজের একটি ফ্রি-কিক থেকে বল জালে জড়াতে গিয়ে উজবেক গোলরক্ষকের সাথে ধাক্কা লাগায় সে যাত্রা গোল হয়নি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি টাইমেও হ্যাটট্রিক করার সুবর্ণ সুযোগ পেয়েছিলেন তিনি; তবে তার শটটি পোস্টের সামান্য বাইরে দিয়ে চলে যায়।
রোনালদোর জোড়া গোলের ওপর ভর করে পর্তুগাল ম্যাচটি ৫-০ ব্যবধানে জিতে নেয়। এই বড় জয়ের ফলে গোল ব্যবধানে এগিয়ে থেকে পর্তুগাল এখন গ্রুপ টেবিলের শীর্ষে অবস্থান করছে। আগামী উইকএন্ডে মিয়ামিতে কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের হাইভোল্টেজ ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে রোনালদোর দল।