নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী ডিএনসির অভিযান অব্যাহত। আবারো মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ঢাকা মেট্রো (দক্ষিন) কর্তৃক বিপুল পরিমান মাদক আইস, ইয়াবা, গাঁজা ও হোরোইন উদ্ধার।
জানা যায়, (সোমবার) ১৬ই নভেম্বর, ২০২৬ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বিভাগীয় কার্যালয় ঢাকার অতিরিক্ত পরিচালক মোঃ জাহিদ মোল্লার দিক-নির্দেশনায়, ঢাকা মেট্রো কার্যালয় (দক্ষিন) এর উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে, মতিঝিল সার্কেল পরিদর্শক মুহাম্মদ সাজেদুল আলম এর নেতৃত্বে একটি রেইডিং টিম গোপন সংবাদের ভিত্তিতে, যাত্রাবাড়ী থানাধীন দক্ষিণ কাজলা, নয়ানগর, চেয়ারম্যান ভবন, ৯/১১ নং বাসার ৮ তলায় ডি-৮ ফ্লাটে অভিযান পরিচালনা করে ২০০ (দুইশত) গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) এবং ৪০০ (চারশত) পিস ইয়াবাসহ মোঃ আতিকুর রহমান (৩২) কে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এদিকে ডেমরা সার্কেল পরিদর্শক মোঃ ফজলুল হক খান এর নেতৃত্বে একটি রেইডিং টিম, কোতোয়ালী থানাধীন সদরঘাট ৪/২ বি সিমসন রোডস্থ আমিন ক্যাফে এন্ড রেস্টুরেন্ট এর সামনে দক্ষিণ পার্শ্বে রাস্তার উপর অভিযান পরিচালনা করে অমুল্য কুমার রায় (৪০)কে ২০০০ (দুই হাজার) পিস ইয়াবা এবং ১০০ (একশত) গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুড়াসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। আসামিকে জিজ্ঞাসাবাদে জানায়,অবৈধ মাদকদ্রব্য ইয়াবা টেকনাফ থেকে এনে ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করত।
অন্যদিকে খিলগাঁও সার্কেল পরিদর্শক ছিদ্দিকুর রহমান এর নেতৃত্বে একটি রেইডিং, খিলগাঁও থানাধীন মেরাদিয়া রজব আলী বাদশা সড়ক ও মুগদা থানাধীন ৫৮/১০ উত্তর মুগদাপাড়া, ঝিলপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা এবং ৫৫০ (পাঁচশত পঞ্চাশ) পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ অর্থ ১০,৫০০ টাকাসহ রিনা বেগম (৩০)কে হাতেনাতে গ্রেফতার করে। এসময় সহযোগী শরমিন আক্তার (৩১) ও মো: জিন্নাতুল ইসলাম (৩৫) পলাতক রয়েছে। একই টিম মুগদা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ (দুই) গ্রাম হেরোইনসহ মোঃ রোহান (২০) কে হাতেনাতে গ্রেফতার করে।
আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশেঅধিত ২০২৬) অনুযায়ী পৃথক পৃথক নিয়মিত মামলা দায়ের করা হয় বলে উপপরিচালক মোঃ আনোয়ার হোসেন বলেন, আমাদের অভিযান অব্যাহত। মাদক কারবারীদের বিরুদ্ধে সবসময় চলমান থাকবে।