নিজস্ব প্রতিবেদকঃ মাদক চোরাকারবারীদের স্পর্দা কত ভয়ানক! মসলার আড়ালে হংকং থেকে আমদানি করা হচ্ছিল অবৈধ মাদকদ্রব্য শিশা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-র অভিযানে ৩০ কেজি শিশা উদ্ধার।
জানা যায়, ১১ই নভেম্বর তারিখ রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার উপপরিচালক মোঃ মেহেদী হাসানের নেতৃত্বে একটি টিম, রাজধানীর বংশাল থানাধীন নর্থ সাউথ রোডে অবস্থিত একটি ভবনে AS SUNNAH নামীয় প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে থাকা মোঃ সোলায়মান আহমেদ শুভ (৩১) কে তিনটি কার্টনে থাকা AL FAKHER ব্র্যান্ডের সর্বমোট ৩০ কেজি শিশাসহ গ্রেফতার করা হয়।
উপপরিচালক মোঃ মেহেদী হাসান বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয়, ঢাকার গোয়েন্দা নজরদারি ও কৌশলগত তৎপরতায় এই অবৈধ ব্যবসার সন্ধান পাওয়া যায়। দীর্ঘ দুই মাস ধরে নজরদারী করে সহকারী পরিচালক মোস্তাক আহমেদ এর নেতৃত্বে একটি টিম সংশ্লিষ্ট শিশা আমদানিকারক শনাক্ত করে তাদের পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে। পরবর্তীতে ডিএনসি গোয়েন্দা টিমের সদস্যরা ক্রেতা সেজে তাদের কাছে ৫ কেজি শিশার অর্ডার দেবার পর এই আমদানির সকল কার্যক্রম মনিটরিং করা হয়। সেই ৫ কেজি শিশা সংগ্রহ করতে গিয়ে শেষ পর্যন্ত এর সাথে আমদানি করা আরও ২৫ কেজিসহ মোট ৩০ কেজি অবৈধ শিশা উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি প্রতিষ্ঠানের মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, উত্তরা পূর্ব থানাধীন সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক মোঃ শাকিল আহমেদের মাধ্যমে তিনি এই শিশা সংগ্রহ করেছেন। তার দেওয়া তথ্যের ভিত্তিতে গত ১২ নভেম্বর সকালে উত্তরা এলাকার উক্ত প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক মোঃ শাকিল আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় শিশা সরবরাহের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।
পরবর্তীতে শাকিল আহমেদের দেওয়া তথ্যের ভিত্তিতে উত্তরা সেক্টর-১১ এলাকায় ট্রাস্ট গ্লোবাল ট্রেডিং নামের প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির মালিক মোঃ মেহেদী হাসান (৪৬)-কে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তিনি তার এজেন্টের মাধ্যমে হংকং থেকে শিশাগুলো বাংলাদেশে আমদানি করে সাবা এন্ড রিহান এন্টারপ্রাইজের মালিক শাকিল আহমেদের কাছে সরবরাহ করতেন। শাকিলের মাধ্যমে পরবর্তীতে এসব শিশা সোলায়মানের কাছে পৌঁছাত।
গ্রেপ্তারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোন ও সংশ্লিষ্ট তথ্যাদি পর্যালোচনায় সালমান নিবিড় (২৬) নামের আরও একজনের সঙ্গে শিশা ক্রয়-বিক্রয় ও আর্থিক লেনদেনের তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোলায়মান জানান, সালমান নিবিড়সহ তারা দীর্ঘদিন ধরে পারস্পরিক যোগসাজশে অবৈধ শিশার ব্যবসা পরিচালনা করে আসছেন এবং এ চক্রে আরও কয়েকজন ব্যক্তি জড়িত রয়েছেন। সালমান নিবিড়কে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
উদ্ধারকৃত শিশার উৎস ও আমদানি প্রক্রিয়া সম্পর্কে অধিকতর অনুসন্ধান চলছে। বিশেষ করে মসলার আড়ালে কীভাবে এসব পণ্য হংকং থেকে বাংলাদেশে আমদানি করা হয়েছে এবং আমদানির সময় কাস্টমসের শুল্ক-ভ্যাট পরিশোধের প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বৈধ আমদানির কাগজপত্র ও শুল্ক-ভ্যাট পরিশোধের আড়ালে অবৈধ মাদকদ্রব্য আমদানি করা হয়েছে কি না, সে বিষয়েও তদন্ত করা হচ্ছে।
আসামীদের বিরুদ্ধে বংশাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ (সংশোধিত ২০২৬) অনুযায়ী নিয়মিত মামলা দায়ের করা হয়।